শীতল জলবায়ু অঞ্চল বলে পরিচিত ইউরোপে তাপজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বাড়ছে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাসংক্রান্ত অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ শাখা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত ৪ লাখ ৮৯ হাজার মানুষের। এই মৃতদের মধ্যে গড়ে ১ লাখ ৭৬ হাজার ৪০ জন ইউরোপের বাসিন্দা; অর্থাৎ প্রতি বছর বিশ্বজুড়ে হিটস্ট্রোক ও তাপজনিত অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যায়, শতকরা হিসাবে তার ৩৬ শতাংশই ইউরোপের বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখা ইউরোপ মহাদেশ এবং মধ্য এশিয়ার মোট ৫৩টি দেশের জনগণের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে।
