বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে দাউদকান্দির ইলিয়টগঞ্জ ও শহিদনগরে মহাসড়ক অবরোধ করেন। উত্তেজিত শিক্ষার্থীরা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ কলেজ-সংলগ্ন, শহিদনগর ইউপি কার্যালয় ও ট্রমা সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধরা দাউদকান্দি হাইওয়ে থানায়ও আক্রমণের চেষ্টা চালায়। অপরদিকে দাউদকান্দি বিশ্বরোড, গৌরীপুর বাসস্ট্যান্ড এবং রায়পুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। আন্দোলনকারীরা গৌরীপুর বাসস্ট্যান্ডে উঠতে চেষ্টা করলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। অপরদিকে ইলিয়টগঞ্জ এবং তিতাস উপজেলার বাতাকান্দিতে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের পালিয়ে যেতে দেখা গেছে।
আন্দোলনকারীদের হামলায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজী, মোহনা টিভির কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহাব উদ্দিন এবং তিতাসের বাতাকান্দিতে ইউটিউবার আব্দুর রহিম ও পুলিশসহ প্রায় ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া ইলিয়টগঞ্জ এবং শহিদনগরে পুলিশের ৩টি গাড়ি এবং সুন্দলপুর ইউপি কার্যালয়, ইলিয়টগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় ও দাউদকান্দি হাইওয়ে থানায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
