শরীয়তপুরের জাজিরায় গুলিবিদ্ধ অটোরিকশাচালক মাসুদ ব্যাপারী (৩৫) মারা গেছেন। গত সোমবার বিকালে জাজিরার হরিয়াসা এলাকায় দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ ব্যাপারী উপজেলার দক্ষিণ বাইকশা গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
নিহত মাসুদের চাচা এসকান্দার ব্যাপারী বলেন, ‘আমার ভাতিজা আটো চালিয়ে জীবিকা নির্বাহ করত। তার দুটি শিশুসন্তান রয়েছে। মিছিলের মধ্যে হামলা হয়। তখন মাসুদ সংঘর্ষের মধ্যে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, ‘সোমবার বিকালে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তিনি কাদের গুলিতে মারা গেছেন তা এখনো জানতে পারিনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’
