আন্দোলনে চট্টগ্রামে গ্রেপ্তার ৭৫৮ জন জামিনে মুক্ত

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:০১ এএম

চট্টগ্রাম ও রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ১ হাজার ১৭৮ জন জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার বেলা ২টা পর্যন্ত কারাবন্দি এসব ব্যক্তি মুক্তি পেয়েছেন।

এর মধ্যে চট্টগ্রাম ৭৫৮ ও রাজশাহীতে ৪২০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপাররা। মুক্তি পাওয়াদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে গতকাল ৫৮ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৭০০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থী, বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অন্তত এক হাজার লোককে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৬ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ ও ১৮ জুলাই চার শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। আহত হয় দুই শতাধিক। এসব ঘটনায় নগর ও জেলায় ৩৪টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ৬০০ জনকে।

রাজশাহীতে জামিনে মুক্ত ৪২০ : নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪২০ জন জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার থেকে গতকাল বিকেল সোয়া ৪টা পর্যন্ত এসব কারাবন্দি মুক্তি পেয়েছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তি পাওয়া বন্দিদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে গতকাল ৮০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ অন্তত ৫ শতাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন। এর আগে ৩ আগস্ট রাজশাহীর ৫ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহীতে অন্তত ২০টি মামলা হয়েছে। সব মামলাতেই কয়েকজনের নাম উল্লেখ করে কয়েক শ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। সেই হিসাবে এসব মামলায় আসামির সংখ্যা তিন হাজারের অধিক হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ গত দুই দিনে মুক্তি পেয়েছেন। পর্যায়ক্রমে জেলহাজতে কারাবন্দি সবাই মুক্তি পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত