বগুড়ায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৯ এএম

বগুড়ার শেরপুরে সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এ চিত্র দেখা যায়। স্বপ্রণোদিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড, উপজেলা পরিষদ রোড, পুরাতন বাসস্ট্যান্ড (টাউন কলোনী), পুরাতন বাসস্ট্যান্ড (ফলপট্টি), হাসপাতাল রোড ও ধুনট মোড় এলাকাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী তীব্র রোদের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।

ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে দায়িত্বে থাকা রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী শামিম রেজা দেশ রূপান্তরকে বলেন, “উত্তরবঙ্গগামী সকল যানবাহন শেরপুর উপজেলার উপর দিয়েই যায়। আমরা চেষ্টা করছি এখানে যেন কোনক্রমেই যানযটের সৃষ্টি না হয়। এছাড়াও, যারা উল্টো পথে যানবাহন চালিয়ে আসছেন আমরা তাদেরকে সতর্ক করছি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদেরকে হেলমেট ব্যবহারে অনুরোধ করছি।”

পথচারী সাখাওয়াত হোসাইন জানান, চলমান পরিস্থিতির কারণে শেরপুর শহরের কোথাও পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের লোকজন দেখা যায়নি। এ উপজেলার তরুণদের প্রচেষ্টায়, এখন পর্যন্ত যানজট দেখা যাচ্ছে না। তরুণদের এমন উদ্যোগে আমরা আনন্দিত।

শেরপুর আলীয়া কামিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক আজাদুল ইসলাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, ৪৮, ৫২, ৬৯ ও ৭১ সালেও তরুণ এবং শিক্ষার্থীরা যুদ্ধে অগ্রণী ভ‚মিকা পালন করেছিল। শেরপুর উপজেলার তরুণরাও যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, এ যেন অন্যরকম বাংলাদেশ। যে বাংলাদেশের প্রত্যাশা আমরা সবসময় করি। তাদের চেহারায় আমি আগামীর বাংলাদেশ দেখছি। সমৃদ্ধির বাংলাদেশ দেখছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত