চাঁদপুর -২ ( মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার মানুষকে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক মুদ্রা বিশেষজ্ঞ ড. মুহাম্মদ জালাল উদ্দিন। গতকাল রাতে এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ছাত্র-জনতার বহু তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারের ও লুটেরাদের পতন হয়েছে। আমি তাদের গভীর শ্রদ্ধা ও ছালাম জানাই। শহীদ ভাই বোনদের আত্মার মাগফেরাত কামনা করছি। সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবার পরিজনের প্রতি।
তিনি বলেন, ছাত্র-জনতা, শিক্ষকসহ সকল শ্রেণী ও পেশার মানুষের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন দেশ ও জাতীয় স্বার্থে কাজে লাগাতে পারলেই শহীদ ভাই বোনদের আত্মা শান্তি পাবে। আমার নির্বাচনী এলাকার ছোট, বড়, ধনী, গরিব, সাদা ও কালো সকলের হৃদয়ে গভীর ক্ষত রয়েছে । তারপর ও আমি করজোড়ে অনুরোধ করি আপনারা শান্ত থাকুন, যে কোনো অঘটন থেকে বিরত থাকুন। কোনো ধরনের সম্পদ, জান মাল ও ইজ্জতের ক্ষয়ক্ষতি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেন ক্ষতি না হয়, না করতে পারে, সে দিকে গভীর দৃষ্টি রাখুন।
তিনি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনার সব ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকুন, অন্যকে বিরত রাখুন। যারা অন্যায় করেছে তারা আমাদের পরিচিত, প্রতিবেশী, বন্ধুবান্ধব তাদের স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবেন। পাশাপাশি আমাদের এবং ওদের রাজনীতির আদর্শগত পার্থক্য বুঝতে পারবে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা দিয়ে মতলবের ঐতিহ্য ধরে রাখুন। আমাদের নেতা তারেক রহমানের পক্ষে অনুরোধ করা হল।
