মৌলভীবাজারের রাজনগরে বাজার দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।
স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ শুরু হয়। দুইপক্ষের মধ্যে সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এরমধ্যে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ইউপি চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যান্য আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে দৌঁড়িয়ে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। একপর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুঁড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।
নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
