তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১১টি থানায় সেবা কার্যক্রম। আজ শুক্রবার (৯ আগস্ট) বিকাল থেকে কিছু কিছু থানায় সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
আজ কার্যক্রম শুরু হওয়া থানাগুলো হলো- চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী এবং বন্দর। আগামীকাল (শনিবার) থেকে যেসব থানার কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে সেগুলো হলো- হালিশহর, ডবলমুরিং, কোতোয়ালী থানা।
একইভাবে কাল শনিবার থেকে সীমিত পরিসরে নিউমুরিং ফাঁড়িতে শুরু হবে ইপিজেড থানার কার্যক্রম। এছাড়া পতেঙ্গা থানার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ।
উল্লেখ্য, শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবরে গত সোমবার বিকাল থেকে রাতভর নগরের ৯টি থানা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা পুড়িয়ে দেয় থানায় রাখা গাড়ি। সবচেয়ে বেশি তাণ্ডব চালানো হয় কোতোয়ালী থানায়। সেদিন দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই থানার অবশিষ্ট কিছু নেই। পুড়ে ছাই হয়ে যায় মামলার গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, আলামতের এবং পুলিশের ব্যবহৃত পিকআপ।
