নেত্রকোণায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১১:৩২ পিএম

নেত্রকোণার বারহাট্টার চিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামকে আটক করেছে জেলায় দায়িত্বরত সেনাবাহিনী। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শহরের সাতপাই স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে হেফাজতে নিয়েছে তারা। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার।
 
শুক্রবার (৯ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বিভিন্ন অভিযোগে নৈহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মেজর জিসানুল হায়দার জানান, আমরা সাবেক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি। এর মধ্যে প্রথমত নৈহাটি বাজার ইজারার নামে ও পাশের মাদ্রাসা ও মসজিদের টাকা আত্মসাৎ। দ্বিতীয়ত, দুটি মামলার চার্জশীটভুক্ত আসামি। তৃতীয়ত, একটি মামলার এজহারভুক্ত আসামি পরে চার্জশীটে তার নাম না থাকা। অভিযান চলাকালে তার বাড়িতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র পাওয়া যায়। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য মিলিয়ে যদি আমলযোগ্য অপরাধী বিবেচিত হয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম এলাকায় খুবই প্রভাবশালী। তিনি জমি দখলসহ নানাভাবে স্থানীয়দের অত্যাচার ও নির্যাতন করে আসছিলেন। নৈহাটি বাজারে অবৈধভাবে একটি গরু বেচা-কেনার হাট চালিয়ে আসছিলেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে। এই হাটের জন্য প্রতিবছর কমপক্ষে ৫০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত