পদত্যাগ করেছেন চবির প্রক্টরিয়াল বডি ও ৩ হলের প্রভোস্ট

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:১৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডি। এছাড়া পদত্যাগ করেছেন তিনটি আবাসিক হলের হল প্রভোস্ট। শনিবার (১০ আগস্ট) তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

প্রক্টর ও হল প্রভোস্টদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলমের নেতৃত্বে ১০ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এছাড়া আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক সুজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ সাদি পদত্যাগ করেছেন। তবে অফিস বন্ধ থাকায় আমি কারো পদত্যাগ পত্র হাতে পাইনি কিন্তু শুনেছে তারা পদত্যাগ করেছেন। 

এদিকে গতকাল শুক্রবার (৯ আগস্ট) থেকে টানা দুইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে চবির প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আলাওল, এ এফ রহমান এবং সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত