সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:৫৭ এএম

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন ও হত্যার প্রতিবাদে দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল ও রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

দিনাজপুর : গতকাল শনিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে তারা সনাতনীদের রক্ষাসহ ৪ দফা দাবি উত্থাপন করেন।

 দাবিগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন ও সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ প্রদান।

পঞ্চগড় : একই দাবিতে পঞ্চগড়ে সনাতন ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, আমরা এ দেশের নাগরিক। এ দেশ থেকে আমরা অন্য দেশে যাব না। সংখ্যালঘুদের ওপর কেন হামলা করা হচ্ছে। আমাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ সময় ৮ দফা বাস্তবায়নের দাবি করেন তারা।

বরিশাল : একই দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় নিপীড়নবিরোধী মঞ্চের উদ্যোগে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে সারা দেশসহ বরিশালও বিভিন্ন পাড়ায়-মহল্লায় হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তদন্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দিতেও সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত