সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় নারায়ণগঞ্জের ৭টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দ্রুততম সময়ে সব ফাঁড়ির কার্যক্রমও আজকালের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরাই এ দায়িত্ব পালন করছে।
শুক্র ও শনিবার ৭ থানার অফিসার ইনচার্জদের (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় ফিরে এসে কাজ শুরু করেন। সেনাবাহিনীর সদস্যরা থানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।
রোববার (১১ আগস্ট ) নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি গোলাম মোস্তফা দেশ রূপান্তরকে বলেন, সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আমাদের থানার কার্যক্রম শুরু হয়েছে। সবাই ফিরে এসেছে। ইতিমধ্যে ছাত্র আন্দোলনের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা এসে পাশে থাকার কথা জানিয়েছে। সকলের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর হবে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, আমরা শুক্রবার থেকে পুরোদমে সচল আছি। আমাদের এখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালনে সর্বোচ্চ সক্রিয় থাকবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সদর থানার গেটে এসে পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজ করে যাওয়ার জন্য বলেন। এ সময় ওসি সকলের সহযোগিতা চান।
৯ মাস কেটে গেলেও ক্রিকেটারদের টাকা দেয়নি বিসিবি!