গোসলে নেমে দাদি-নাতনি নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:১৭ এএম

নওগাঁর রানীনগর উপজেলায় রক্তদহ বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে পানিতে ডুবে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার এ দুটি ঘটনা ঘটে।

নওগাঁয় মারা যাওয়া দুজন হলো তামান্না (১২) ও রিফাত (১৭)। তামান্না রানীনগর উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে। আর রিফাত নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চ-িপুর গ্রামের হেলালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে ১৩ জন মিলে ২টি ছোট নৌকায় করে রক্তদহ বিলে ভ্রমণে যান। দুপুর ১২টার দিকে বিলে দুটি নৌকাই ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠে চিৎকার দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করতে আসেন। স্থানীয়রা তামান্না, রিফাত, মিদুল ও দুলালীকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, গতকাল নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তামান্না ও রিফাত মারা গেছেন। আর মিদুল ও দুলালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় গতকাল দুপুরে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গতকাল দুপুরে দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরাবিলের পাড়ে পানি দেখতে যান। এ সময় সুফিয়া বেগম ও তার এক নাতনি গোসলে নামেন। একপর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যান। এ সময় একটি পিকনিকের নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। পরে স্বজনরা ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এসএম রাফিউর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত