বাম জোটের সংবাদ সম্মেলন

নির্বাচন ব্যবস্থা সংস্কারে আলোচনা শুরুর আহ্বান

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:৩৩ এএম

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রবিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, বিগত সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, না ভোটের বিধান চালু করতে হবে। নির্বাচিত প্রতিনিধি যদি জনগণের আকাক্সক্ষা অনুযায়ী দায়িত্ব পালন না করতে পারে তাহলে তাকে প্রত্যাহার করতে হবে। কালো টাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। জামানত কমাতে হবে। পোস্টার লিফলেট কমিশন থেকে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে বজলুর রশিদ লিখিত বক্তব্যে বলেন, ছাত্র গণ-অভ্যুত্থানের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পক্ষ থেকে বলা হয়েছিল, সরকার গঠনে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়েছিল কি না, তা বাম জোটের জানা নেই। তবে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের আগে বাম জোটের মতামত না নিলেও তারা মনে করেন, এই সরকার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনায় এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত ও এসব প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে বাম জোট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত