দুই কার্টুনিস্টের প্রশংসা

পত্রিকায় আবার রাজনৈতিক কার্টুন দেখতে চান তারেক

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:৩২ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা কার্টুন তিনি নিজেই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। গত ৭ আগস্ট কার্টুনিস্ট মেহেদি ফারুকের আঁকা কার্টুন গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। পত্রিকায় নিজের কার্টুন দেখে কার্টুনিস্টকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় অত্যন্ত খুশি বলে জানান তিনি।

গত ১৬ বছর লন্ডনে থাকা তারেক রহমান দেশে যোগাযোগ করছেন ভার্চুয়াল মাধ্যমে। গত বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির সমাবেশে। মেহেদি ফারুকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছিল, ‘ক্ষমতা লিপ্সায়’ তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন।

তারেক রহমান ওই কার্টুনটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা (খালেদা জিয়া) এবং আমাকে নিয়ে কার্টুন আঁকতেন। যাই হোক, গত ১৫ বছরে, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আন্তরিকভাবে আশা করি, তিনি দ্রুত ও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত