সেনা সহায়তায় নোয়াখালীর ৮ থানার কার্যক্রম শুরু

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৩২ পিএম

সেনাবাহিনীর সহায়তায় নোয়াখালীর সুধারাম মডেল থানাসহ ৮ থানায় আইনশৃঙ্খলা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশও কাজ শুরু করেছে। সোমবার সকাল থেকে জেলার ১০টি থানার মধ্যে ৮টি থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন।

এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ। তবে থানারগুলোর নিরাপত্তায় এখনো সেনাসদস্যদের নিয়োজিত করা হয়েছে।

গত ৫ আগস্ট সারাদেশের বিভিন্ন থানায় হামলার পর নোয়াখালী জেলা ট্রাফিক পুলিশের কাজ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা স্ব-শরীরে উপস্থিত হয়ে নিজেদের কার্যক্রম চালু করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম চালুর পাশাপাশি আজ থেকে মোবাইল টিমগুলো সচল করার চেষ্টা চলছে। ট্রাফিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আজ থেকে ৮ থানার দাপ্তরিক কাজ শুরু হয়েছে। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী ও চাটখিল থানায় দ্রুত কার্যক্রম শুরুর চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত