উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন ফারুক-ই-আজম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৪৮ এএম

অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন ফারুক-ই-আজম বীরপ্রতীক। বঙ্গভবনে বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করাবেন বলে রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি এতদিন শপথ নেননি।

ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্র্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সরকারের ১৭ সদস্যের মধ্যে শুধু ফারুক-ই-আজমই এখনো শপথ নিতে পারেননি।

একাত্তরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বড় অভিযান অপরেশন জ্যাকপটে সাব-কমান্ডারের দায়িত্ব পালন করা নৌ-কমান্ডো ফারুক-ই-আজম চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। সে সময় তিনি ছিলেন খুলনায়। যুদ্ধ শুরু হলে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে চট্টগ্রামে পৌঁছান ফারুক-ই-আজম। ৬ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন তিনি। এ সময় একদিন শুনলেন, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা সংগ্রহ করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে যান তিনি। পলাশীতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১৯৭১ সালের ১ আগস্ট অপারেশন জ্যাকপটের জন্য তাকে মনোনীত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত