জামাত দাঁড়িয়ে গেলে সুন্নত শুরু করা
মুহাম্মদ আবদুল্লাহ, গাজীপুর
প্রশ্ন : কেউ যদি জোহরের নামাজ পড়তে গিয়ে দেখে জামাত দাঁড়িয়ে গেছে তাহলে সে ফরজের আগের সুন্নত না পড়ে কি জামাতে শরিক হয়ে যাবে? যদি সুন্নত না পড়ে জামাতে শরিক হয়ে যায় তাহলে কি সে ফরজের পর প্রথমে ছুটে যাওয়া সুন্নত পড়বে? নাকি ফরজের পর প্রথমে দুই রাকাত সুন্নতের পর ছুটে যাওয়া সুন্নত পড়বে?
উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় ওই ব্যক্তি সুন্নত না পড়েই জোহরের নামাজের জামাতে শরিক হবে। জামাত শেষে আগে দুই রাকাত সুন্নত পড়বে। এরপর পূর্বের ছুটে যাওয়া চার রাকাত সুন্নত পড়বে। কারণ দুই রাকাত সুন্নতকে ফরজের পর পরই আদায় করা সুন্নত। সুতরাং দুই রাকাতকে যথাসময় আদায় করাই শ্রেয়। (আল বাহরুর রায়েক ২/৭৫)
সুরা ফাতেহার পূর্বে তাশাহুদ পড়া
মনসুরা খাতুন, জামালপুর
প্রশ্ন : এক ব্যক্তি সুরা ফাতেহা পড়ার পূর্বে ভুলে তাশাহুদ পড়ে ফেলে। স্মরণ হওয়া মাত্র সুরা ফাতেহা পড়ে অন্য সুরা মিলায়। কিন্তু নামাজ শেষে সাহু সেজদা আদায় করেনি। এমতাবস্থায় তার নামাজ সহিহ হয়েছে কি?
উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় ওই ব্যক্তি সাহু সেজদা না করে ঠিকই করেছে। কারণ ওই ভুলের কারণে বিশুদ্ধ মত অনুযায়ী সাহু সেজদা ওয়াজিব হয় না। সুতরাং তার নামাজ সহিহ হয়েছে। (হিন্দিয়া ১/১২৭)
নামাজে ঘুমিয়ে পড়লে
সাব্বির হুসাইন, রাজশাহী
প্রশ্ন : এক ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ছিল। দ্বিতীয় রাকাতের সেজদায় গিয়ে লোকটি ঘুমিয়ে পড়ে। এরপর সালামের শব্দ শুনে ঘুম থেকে উঠে বসে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে দেয়। এমতাবস্থায় তার নামাজ সহিহ হয়েছে কি?
উত্তর : প্রশ্নে উল্লিখিত লোকটির নামাজ সহিহ হয়নি। কারণ শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা ফরজ। এই ফরজ আদায় না হওয়ায় তার ওই নামাজ নষ্ট হয়ে গেছে। তাই উক্ত নামাজের কাজা পড়ে নেওয়া ফরজ। (রদ্দুল মুহতার ১/৫৯৫)
