গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার শিকার হয়েছেন স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় হামলাকারীরা তাদের হত্যার হুমকিও দেয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় দলিল লেখক আশরাফ উদ্দিন বন বিভাগের প্রায় ২০ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণ করছে এমন খবর পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ।
এ সময় আশরাফ উদ্দিনসহ আকাশ, মনসুরসহ আরও কয়েকজন বন কর্মকর্তা মনিরুল করিম, স্টাফ তোফাজ্জল হোসেন, জহির উদ্দিন, জামাল হোসেন ও শাহ জালালের ওপর আক্রমণ চালায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদের মধ্যে শাহ জালাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। স্থাপনা উঠাতে না পারলে ওই বন কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকিও দেয় হামলাকারীরা। খবর পেয়ে ইউএনও আহম্মেদ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।
অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন, এখানে যতটুকু কাজ করেছি সেটুকু শ্রমিক দিয়ে খুলে ফেলেছি। এ ছাড়া এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে দুপক্ষের কাগজপত্র নিয়ে যেতে বলেছে। তবে বন বিভাগের লোকজনের ওপর হামলা বা মারধর করা হয়নি, একটু তর্কবিতর্ক হয়েছে।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ করছে খবর পেয়ে আমরা উচ্ছেদ অভিযানে যাই। এ সময় আশরাফের নেতৃত্বে আকাশ, মনসুরসহ কয়েকজন আমাদের মারধর করে এবং হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে ইউএনও কাউছার আহম্মেদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে কাগজপত্রসহ ডাকা হয়েছে। জমিটা বন বিভাগের হলে গাছ লাগানো হবে এবং ব্যক্তি মালিকানা হলে তিনি স্থাপনা করবেন।
