ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় মায়ের আত্মহত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫২ পিএম

রাজবাড়ীতে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে না পাড়ায় রুমা বেগম (৩৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাতটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রুমা একই গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। তার বাবার বাড়ি রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর গ্রামে।

নিহত রুমার মেয়ে মীম বলেন, আমরা দুই ভাই, এক বোন। আমি সবার বড়। আমার এক ভাইয়ের বয়স ৮ বছর। আরেকজনের বয়স দেড় বছর। আমি স্বামীর বাড়িতে থাকি। আমার বাবা পেশায় ভ্যানচালক। তার হাঁপানি রোগ আছে। বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকেন। তিনি এখন ঠিকমতো কাজ করতে পারেন না। এক সপ্তাহ ধরে আমার ছোট ভাই অসুস্থ। তিনদিন আগে আমার মা আমার বাবার কাছে ভাইয়ের ওষুধ কেনার জন্য টাকা চায়। কিন্তু আমার বাবা দিতে পারেননি। পরে আমি আমার এক প্রতিবেশির কাছ থেকে ৪০০ টাকা এনে দিলে কিছু ওষুধ এনে আমার ভাইকে খাওয়াচ্ছে। কিন্তু আমার ভাই পুরোপুরি সুস্থ হয়নি। 

আজ আবার আমার মা বাবার কাছে টাকা চায়। বাবা বলেন, আমি টাকা পাবো কই। মা বলেন, ধান বিক্রি করে দিতে। বাবা এর উত্তরে বলেন- ধান বিক্রি করে দিলে খাবো কি। এর পর অভিমান করে মা ঘরের আড়ার সাথে গলায় পরনের কাপড় দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। 

তিনি আরও বলেন, আমি এই বাড়িতেই ছিলাম। পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বাবা চিৎকার করলে উঠে দেখি আমার মা আড়ার সাথে ঝুলছে। পরে আমার বাবা মাকে উঁচু করে ধরে। আমি বটি দিয়ে কাপড় কেটে নিচে নামাই । তারপর সবাই মিলে মাথায় পানি দেই। কিন্তু মাকে বাঁচাতে পারিনি। 

রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ হলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত