বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ সময় তার সহযোগী ভক্ত বাড়ৈ গুরুতর আহত হয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুমন হালদার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের বাসিন্দা। তিনি একাধিক চুরি মামলার আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, নিহত সুমন হালদারসহ ২/৩ জন চোর ওই এলাকার সুলতান মহুরির অটোগাড়ির গ্যারেজে চুরি করতে যায়। এ সময় গ্যারেজের বেড়া ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পাহারাদার ডাক-চিৎকার দেয়। এতে স্থানীয়রা এগিয়ে আসলে সুমন হালদার ও ভক্ত নামে দুজন তাদের হাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে সুমন হালদার ঘটনাস্থলে মারা যান এবং ভক্ত বাড়ৈ গুরুতর আহত হয়। এলাকাবাসী জানায়, নিহত সুমনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও চুরির অভিযোগ রয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, আহত ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
