ছাত্র গণআন্দোলনের সময় রাজধানীর জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী রিয়াজ (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
এ নিয়ে আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ রূপান্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫৩০ জনের মৃত্যু হয়েছে।
নিহত রিয়াজ বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি হাজারীবাগ সেকশন এলাকায় খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। বরিশাল মুলাদি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। রিয়াজ ঢাকায় নিউ মার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।
বড় ভাই রেজাউল করিম জানান, শুধু পরীক্ষার সময় গ্রামে গিয়ে পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসতেন রিয়াজ। ৩-৪ বছর ধরে ঢাকায় খালার বাসায় থাকতেন এবং ওই দোকানে চাকরি করে আসছিলেন। গত ৪ আগস্ট দুপুরে ঝিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন রিয়াজ। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেছিলেন। শুক্রবার দুপুর থেকে তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার বিকেলে তিনি মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
