ফখরুলের গাড়িবহরে হামলা: হাছান মাহমুদসহ ৩৮৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুন নেসা খানমের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন। আদালত মামলাটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এনামুল হক।

সাত বছর আগে ২০১৭ সালের ১৮জুন পাহাড়ধসের ঘটনা সরেজমিন দেখতে যাওয়ার সময় রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় হাছান মাহমুদসহ ৩৮৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত পরিচয়ের।

মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ।

মামলার আরজিতে অভিযোগ, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনা সরেজমিন পরিদর্শন করতে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙ্গুনিয়ার কাপ্তাই হয়ে রাঙামাটি যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ  চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত