পাকিস্তানের মাটিতে বাংলাদেশর পরিসংখ্যানটা হতাশার। যতবার গিয়েছেন, ততবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে। সব মিলিয়ে জয়-পরাজয়ের পরিসংখ্যান ১২-০! পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ২০০৩ সালে। সেবার মুলতান টেস্টে ইনজামাম-উল-হকের বীরত্বে মাত্র ১ উইকেটে হারতে হয়েছিল সফরকারীরা।
এবারের সফরে সেই ধারার শেষ দেখার আশা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, ইতিবাচক ফলের দেখা মিলবে এবার। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এখন পর্যন্ত কয়েকবার পাকিস্তান সফরে গেলেও বারবার খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। স্বাভাবিকভাবেই এবারের দুই ম্যাচের টেস্ট সিরিজে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শান্ত শোনালেন ইতিবাচক কথা, ‘আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই একটা রেকর্ড। রেকর্ড পরিবর্তন হতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হতে হয়েছে। এর আগে নিউজিল্যান্ডকে একটি টেস্টে হারালেও অন্যটিতে হারতে হয়েছে। সেখানে পাকিস্তানে আগে জয় না পাওয়ায় সব মিলিয়ে কাজটা ভীষণ কঠিনই হতে পারে এই সফরে।
তবে সবমসময়ের মত ইতিবাচকতাই ফুটে উঠল শান্তর কন্ঠে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’
রাওয়ালপিন্ডির উইকেট এখন পর্যন্ত যা দেখা গেছে, তাতে এটি নিশ্চিতভাবেই হতে যাচ্ছে পেস সহায়ক উইকেট। সেটা কাজে লাগাতে পাকিস্তানের রয়েছে শাহিন-নাসিমদের মত পেসার। চতুর্থ ইনিংসে তাই ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং হতে পারে। ফলে টসে জিতে আগে ব্যাটিং নিলে বাড়তি সুবিধা পেতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ভালোভাবে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট ছিল। আমাদের তিন-চারজন কোয়ালিটি স্পিনারও আছে, তাই আমরা সব দিক কভার করেছি। কাল যখন আমরা মাঠে নামব, তখন উইকেট মূল্যায়ন করে দল চূড়ান্ত করব। তবে আপনি যেমনটি উল্লেখ করেছেন, সিমাররা এখানে কিছুটা সুবিধা পায়। আমাদের বোলাররা এই পরিস্থিতিতে ভাল পারফর্ম করার জন্য সত্যিই মুখিয়ে আছে।’
বাংলাদেশ অধিনায়ক উল্লেখ করেছেন যে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তবে তার দল যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
প্রথম টেস্টের আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচে অংশ নেন টেস্ট দলের কয়েক সদস্য। সেখানে মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয় পান চোট। তাদের মধ্যে জয় ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে। ওপেনিং জুটিতে তাই পরিবর্তন আনতেই হচ্ছে বাংলাদেশকে।
তবে সেটা কে হচ্ছেন, খোলাসা করেননি শান্ত, ‘বেশিরভাগ ক্রিকেটার এখন ফিট আছে। প্রথম ম্যাচের জন্য এভেইলেবল আছে মুশফিকুর রহিম। জয়ের কিছুটা অস্বস্তি ছিল। আমরা আগামীকাল ঠিক করব।’
রাজনীতির কারণে ক্রিকেটার সাকিবে প্রভাব ফেলবে না, মনে করেন শান্ত
বিসিবির সভা কাল, পদত্যাগ করতে পারেন পাপন
মেসি কবে মাঠে ফিরবেন, মার্তিনো জানালেন
অলিম্পিকের পদকজয়ী এখন রেস্টুরেন্টের খাবার পরিবেশক
সমালোচনার মুখে আর জি কর নিয়ে সুর বদল সৌরভের
এক ওভারে ৩৯ রানের ইতিহাস