বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৬ তারিখে অনাকাক্সিক্ষতভাবে মিডিয়া সম্পর্কে যা বলেছি, তাতে আমি দুঃখ প্রকাশ করছি। আমি সাংবাদিকদের খুব ভালোবাসি। প্রতিটি পত্রিকার সম্পাদকের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের আলাইপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, আমার নির্যাতিত নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়ে প্রতিটি কর্মসূচিতে রাজপথে ছিল। ১৬ বছর যাদের বিএনপিতে দেখিনি, তারা এখন ঢুকেছে। তারা যদি বিএনপির নাম ভাঙিয়ে দোকানে, ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা চায় আমাকে জানাবেন। আত্মীয়তার পরিচয় নিয়ে আওয়ামী লীগের কেউ বিএনপির কর্মসূচিতে এলে ওই বিএনপির নেতাকেও ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
