গাজা যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন বাইডেন

  • গাজা যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
  • ইসরায়েল ও হামাস তাদের দাবিতে অটল, যার ফলে বার বার ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম

গাজা যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার (২১ আগস্ট) এ বিষয়ে ফোনালাপ করেন এইদুই নেতা।

তাদের ফোনালাপ নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ‘গাজায় যুদ্ধবিরতি ও বন্দীমুক্তি চুক্তি চূড়ান্ত করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট। এছাড়া কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।’

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টায় রবিবার ইসরায়েল গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সফরে ইসরায়েল, কাতার ও মিসরে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। কিন্ত চুক্তির সম্ভাবনা অনিশ্চিত রেখেই মঙ্গলবার দেশে ফিরে যান। চুক্তির বিষয়ে কায়রোতে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা।

কিন্তু ইসরায়েল ও হামাস তাদের দাবিতে অটল। যার ফলে বার বার ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান, হামাস, হিজবুল্লাহ ও হুথিসহ সবার হুমকি থেকে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বাইডেন।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটের প্রার্থী কমলা হ্যারিস।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৭৪  জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৯২ হাজার ৫৩৭ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত