কক্সবাজারের চকরিয়ায় তিন শিশু বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল। পথে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় তিনজনই। তাদের মধ্যে দুইজন সাঁতরে কূলে উঠে বাঁচলেও মো. হাবিব (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, ভারী বর্ষণে পাহাড়ি ঢল নামে বরইতলীতে। সোনাইছড়ি ছড়াখাল উপচে পানি প্রবাহিত হচ্ছিল স্থানীয় সড়কের ওপর। এ অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর দিয়ে যাওয়া ঢলের স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতার কেটে বেঁচে গেলেও হাবিব স্রোতে ভেসে পানিতে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে অবহিত করেছি। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শিশু মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
হত্যা মামলায় সাকিবকে আসামি, মিথিলার ‘দুঃখ প্রকাশ’