চাকরি জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম নগরে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নগরের আসকারদীঘির পাড় এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তারা। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’ বলে স্লোগান দেন।
আনসার সদস্যরা রাস্তার ওপর অবস্থান নিলে কাজীর দেউরি ও জামালখান এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাস্তায় অবস্থান নেন। বিকেল তিনটা ৪০ মিনিটের দিকে আনসার সদস্যরা রাস্তা থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আনসার সদস্যরা রাস্তা ছাড়লেও কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রাখেন।
আনসার সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘আনসার বাহিনীর প্রত্যেক সদস্যের চাকরি জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
আনসার বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, ‘আমরা তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেছি। আনসার সদর দফতর দাবিগুলো পর্যালোচনা করে দেখবেন।’
পাকিস্তানে 'এ' দলের ম্যাচ ড্র