দিনাজপুরের বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নে ২২টি সরকারি কমিউনিটি ক্লিনিক রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য এ ক্লিনিকগুলো স্থাপিত হয়। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা দেওয়ার কথা। অথচ উপজেলার দুটি কমিউনিটি ক্লিনিক অন্যান্য দিনেও তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এর ফলে সেবাবঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিনাইল ইউনিয়নের মোহনপুর কমিউনিটি ক্লিনিক ও পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা। ওই এলাকার নারীরা সেবা নিতে এসে ক্লিনিক তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন।
মোহনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. লোকমান মোবাইল ফোনে বলেন, ক্লিনিকে কোন ওষুধ নেই। শুধু প্যারাসিটামল ও কিছু স্যালাইন আছে। তাই লোকজন সেভাবে সেবা নিতে আসেন না। ক্লিনিক বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাইরে আছি, তাই খুলতে একটু দেরি হবে।’
অন্যদিকে জোতজয়রামপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মশিউর বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ক্লিনিক বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে ক্লিনিক খোলা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. গোলাম রসুল রাখি বলেন, শুক্রবার ছাড়া ক্লিনিক বন্ধ রাখা যাবে না। যারা ক্লিনিক বন্ধ রেখেছেন, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
