গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় বছর বন্ধ থাকা একটি পোশাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার সামনে কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা অন্তত ৩ ঘণ্টা কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
এলাকাবাসী জানান, প্রায় দেড় বছর ধরে কারখানাটি বন্ধ আছে। ক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, অন্তত ৩ মাসের বেতন বকেয়া রেখেই কারখানাটি বন্ধ করা হয়। এতে চাকরি হারানো শ্রমিকরা পড়েন চরম কষ্টে।
স্থানীয় বাসিন্দা মোশারফ মিয়া জানান, শ্রমিক বিক্ষোভের কারণে কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা দুপুর ২টার দিকে সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই নাজিম আহম্মেদ বলেন, কারখানায় শ্রমিক অসন্তোষ আর আন্দোলনের ব্যাপারটি আমাদের থানায় জানানো হয়নি। তাই কোনো পুলিশ সেখানে যায়নি। আমাদের পুলিশি কার্যক্রম এখনো জোরেশোরে চালু হয়নি।
