তিন দিনেও মেরামত হয়নি ভেঙে যাওয়া বেড়িবাঁধ 

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম

খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৩ দিনেও মেরামত করা যায়নি। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির সংকটসহ চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি হাজারো মানুষ। প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ভদ্রা নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে পাইকগাছার ৪০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ ভেঙে যায়। ফলে কালিনগর, গোপী পাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনের বেড়, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগীরদানা, দুর্গাপুর, দারুল মল্লিক, হাবিখোলা ও নোয়াইসহ আশপাশের কয়েকটি গ্রামের প্লাবিত হয়।

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ গত ৩ দিন বাঁধ মেরামতের চেষ্টা করছেন। প্রথম দুইদিন যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়।

দুই হাজার মানুষ দিনভর কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে সক্ষম হয়। এদিকে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। প্রায় ১৫ হাজার মানুষ গত তিন দিন পানি বন্দি হয়ে রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। 

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামতসহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।

দারুণ মল্লিক গ্রামের শিমুল সরকার বলেন, ‘এখানে তেমন কোনো আশ্রয় কেন্দ্র নেই, যার কারণে নিরাপদ কোনো আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা নেই।’ 

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ‘বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ অব্যাহত রেখেছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত