দেশের বন্যাপীড়িত মানুষের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) অধীনের সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বন্যার্তদের পাশে ওষুধ শিল্প সমিতি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ এবং কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কুট ও মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে দুপুরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
