নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গোলাম দস্তগীর মালিকানাধীন গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন ২১ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (২৬) আগস্ট সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে থাকা ৬তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে।
জানা যায়, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কাজ চালিয়ে যাচ্ছেন। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত ১৭৬ জন নিখোঁজ বলে ফায়ার সার্ভিস এর কাছে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। ইতিমধ্যে স্বজনরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে নিখোঁজদের নাম ঠিকানা দিয়েছেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষক) রেজাউল করিম বলেন, আমরা সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। নিখোঁজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আগুন নেভানোর পর নিখোঁজদের ব্যাপারে বলা যাবে।
