পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালি ব্যাগ: বস্ত্র ও পাট উপদেষ্টা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ ব্যাপক অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে সোনালি ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সোনালি ব্যাগ পরিবেশবান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।

সাক্ষাৎকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এ সময় সোনালি ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালি ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর সোনালি ব্যাগের গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’ এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত