কনসুলার সেবা সৌদি প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নব নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির।
গতকাল জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনফারেন্স হলে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের নেতৃত্বে সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান।
কনসাল জেনারেল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করণ, কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের আরো অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে সেবা গ্রহীতারা যেন কোন ধরনের হয়রানির শিকার না হন এ ব্যাপারে কনসুলেটে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।
তিনি প্রবাসীদের কফিল সমস্যাসহ যেকোনো সমস্যা সমাধানে কোন প্রকার দালালের মাধ্যমে না এসে সরাসরি কনসোলেটের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করার জন্য আহ্বান জানান। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে অংশগ্রহণকারী সৌদি আরব এর বিভিন্ন অঞ্চলে গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসীদের সহায়তার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর কাজি এমদাদুল হক, এনএস আই কর্মকর্তা জাহিদুল ইসলাম,কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর নাহিদ হাবিবা, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রুমি সাঈদ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি সাজিদুল ইসলাম, সহ-সভাপতি মাসুদ সেলিম, সহ সভাপতি সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সদস্য কাওসার আব্দুস সালাম, রফিক চৌধুরী, শেখ রনি, এবিএস রাব্বিসহ কনস্যুলেটর কর্মকর্তাবৃন্দ।
