নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ক্যাম্পাসের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাস্তাগুলোয় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন, গুরুত্বপূর্ণ ফটক ও পয়েন্টে সিসিটিভি স্থাপন ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে দশটার দিকে হলে ফেরার পথে বেগম খালেদা জিয়া হল সংলগ্ন রাস্তায় ইতিহাস বিভাগের প্রথমবর্ষের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হন। ঘটনার দুই দিন পরেও দোষীকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। 

শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘গত ২৫ আগস্ট আমাদের এক ছোটবোন তার হলে যাওয়ার পথে নিপীড়নের শিকার হয়েছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা দূর্বল হলে হলের রাস্তায় এমন ঘটনা ঘটতে পারে! নিপীড়কদের চিহ্নিত করার উদ্দেশ্য প্রান্তিক গেইটে গেলে সিসিটিভি পাওয়া যায়নি, বিশ মাইল এলাকার গেটগুলোয় নিরাপত্তাকর্মী ছিল না। ছাত্রীরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছে।’

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘রাত সাড়ে দশটার দিকে আমার বান্ধবীসহ চৌরঙ্গীর রাস্তা হয়ে হলে ফিরছিলাম। এমন সময় হলের রাস্তায় একজন আমাকে ক্রস করার সময় আমার বুকে জোরে চাপ দিয়ে   পালিয়ে যায়। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় তাকে চিনতে পারিনি। আমি আমার সাথে হওয়া ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত