প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়ন এ দলটিকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তার আগে আজ জাতীয় ক্রীড়া পরিষদে সাফজয়ী ফুটবল দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনএসসিতে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা সাফজয়ী দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে টেস্ট জয়ের কথাও তুলে আনেন।
আসিফ মাহমুদ বলেন, 'আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। তারপর বন্যা পরিস্থিতির কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেটা স্বস্তির বিষয় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মনে করছি জুলাই বিপ্লবের যেই স্পিরিট সেটার প্রতিফলন খেলার মাধ্যমে আপনারা ঘটিয়েছেন। এর প্রমাণ বাংলাদেশ ক্রিবেট দল পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাঠে জয় পেয়েছে। আপনারা প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছেন। দেশকে গৌরবময় জায়গায় নিয়ে গেছেন।'
আসিফ মাহমুদ আশা করেছেন, এই প্রথম যেন শেষ না হয়। 'দেশে অনেক কিছুই প্রথমবারের মতো হচ্ছে এবং আপনারাও প্রথমবার একটি বড় অর্জন নিয়ে এসেছেন। কিন্তু প্রথমটাই যেন শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।'
এই অর্জন যেন ম্লান না হয় সেজন্য খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের পরামর্শ দেন।
এরপর অর্থ পুরস্কারের ঘোষণা দিতে গিয়ে বলেন, 'দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তারপরও প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করছি।'
নিজের ভবিষ্যত নিয়ে বিসিবি নেতৃত্বের সঙ্গে কথা বলতে চান হাথুরু
সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে সরকার