‘আওয়ামী লীগকে হটিয়ে শিমুলিয়া ঘাট দখল বিএনপির’ এ শিরোনামে দেশ রূপান্তর পত্রিকায় গত ২৯ আগস্ট সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের লৌহজং জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর শিমুলিয়া ঘাটের বৈধ ইজারাদার সুলতান মোল্লাকে হটিয়ে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি ঘাট দখল নিয়ে চাঁদাবাজি শুরু করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছেন।
এতে নিজ দলের ইউনিয়ন সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক জনির বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ব্যানারে উপজেলার চন্দ্রেরবাড়ি বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ করে তারা।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন বলেন, কাউসার তালুকদার ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে। সংবাদ প্রকাশের পর জেলা বিএনপি তাদের শোকজের নোটিস দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।
