গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে আন্তর্জাতিক দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক। গতকাল শুক্রবার সকালে নগরীর সি কে ঘোষ রোডে র্যালি শেষে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়।
অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক আবদুল কাইয়ুমের সঞ্চালনায় র্যালি ও মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ছাত্র-শিক্ষক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরামের সভাপতি আবদুল বারী বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা যেভাবে গুম-খুনের রাজ্য তৈরি করেছিল, ঠিক সেভাবেই তার পতন হয়েছে। এখন শুধু বিচার দেখার অপেক্ষা।’
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম মাহবুব-উল-আলম বলেন, ২০০৯ সাল থেকে দেশে গুম হওয়ার ঘটনা ব্যাপকভাবে শুরু হয়। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনগুলোর আগে ও পরে অনেক গুমের ঘটনা ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর শিকার হন।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউল করিম চৌধুরী, সাংবাদিক আবদুল আউয়াল, সাজ্জাতুল ইসলাম, মনির হোসেন, মানবাধিকারকর্মী মো. গোলাম সারোয়ার, আমিনুল ইসলাম, মুকিমুজ্জামান তালুকদার, আবদুল গাফফার, দেলায়ার হোসেন রাজীব, বাকিউল ইসলাম প্রমুখ।
অধিকার-এর তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৭০৯ ব্যক্তি গুমের শিকার হয়েছেন।
