বাড়ি ফেরা হলো না বাবা-মেয়ের

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাউসার আলম (৪৪)। তিনি উপজেলার ইউনিয়নের উত্তর সলিমপুর গ্রামের মৃত মফিজুল আলমের পুত্র। দুর্ঘটনায় নিহত মেয়ের নাম তাসনীম (৫)। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে ৬ বছরের শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেল করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন কাউসার আলম। পথে পাকা রাস্তার মাথা এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা শিশুকন্যাটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক দীপক কুমার শীল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশুকন্যাটি ও মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালকসহ আটক আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত