ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলা প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার জেরে শুক্রবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন জেলেনস্কি।
বিমানবাহিনীর কমান্ডারকে বরখাস্তের কারণ জানাননি জেলেনস্কি। তবে কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে বিমান বাহিনীর শীর্ষ পদ আরও শক্তিশালী করার প্রয়োজন ছিল বলে এক বিবৃতিতে জানান জেলেনস্কি। তবে বিশেষজ্ঞদের ধারণা, যান্ত্রিক ত্রুটি ও পাইলটের সঙ্গে যোগাযোগ সমন্বয় করতে না পারার কারণে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণেই বিমানবাহিনীর কমান্ডারকে সরিয়ে দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাভোনোঝাকা সাময়িকভাবে বিমানবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে লড়াই করতে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিল কিয়েভ। গত আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমানের প্রথম চালান পায় ইউক্রেন। সেই বহরেরই একটি বিমান নিযুক্ত ছিল রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দায়িত্বে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি তিনটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করে।
এদিকে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই হামলা হয়েছে। শনিবার বেলগোরোদ অঞ্চলের সীমান্তবর্তী শেবেকিনো শহরে ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে গোলাগুলি হয়। সম্প্রতি বেলগোরোড ও অন্যান্য রুশ সীমান্ত অঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন।
অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বেলগোরোড অঞ্চলে বিমান থেকে উৎক্ষেপণ করা পাঁচটি এরিয়াল গাইডেড বোমা নিক্ষেপ করে রাশিয়া। সেগুলো খারকিভের একটি বহুতল আবাসিক ভবন ও খেলার মাঠে আঘাত হানে। তাতে সাতজনের মৃত্যু হয়ে, আহত হয়েছেন প্রায় শতাধিক। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানান, হামলায় ১২ তলা বিশিষ্ট ভবনে আগুন লেগে যায়। এতে ভবনটির ওপরের দিকে তলাগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
