কুমিল্লার তিতাস উপজেলায় ত্রাণ দিতে গিয়ে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দী বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার দুপুরে দাসকান্দী বাজারে ত্রাণের জন্য গেলে ৩৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করা হয়। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে তথ্যটি পৌঁছালে শুক্রবার সকালে ত্রাণ দলের ওই ছয়জনকে দাসকান্দী বাজারে ডাকা হয়।
এলাকাবাসী জানান, ওই ছয়জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান, আটকরা হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর ওরফে আলী (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর এলাকার অটোরিকশা চালক ইদন মিয়া (২৫), হরিপুরের আরিফ হোসেন (৩০), দাসকান্দীর নুর মোহাম্মদ (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)।
ওসি নাজমুল হক বলেন, শুক্রবার রাতে ওই নারীর ভাবি বাদী হয়ে তিতাস থানায় আটক ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
