রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নদীর দুর্গম চর মাঝারদিয়াড় এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ চারজনই শ্রমিক। আজ সোমবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিরা হলেন— চর মাঝারদিয়ারের এনামুলের ছেলে মো. রাজু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে ফারুক। এদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহম্মদ আলী রাজুর দুলাভাই। আর ফারুক তাদের প্রতিবেশি।
স্থানীয়রা জানায়, রবিবার চরে কৃষি জমিতে কাজ করে সন্ধ্যায় একটি নৌকায় ১৬জন ফিরছিলেন। এসময় নৌকাটি ডুবে গেলে ১২জন সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে, ৪জন নিখোঁজ হন। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদী উত্তাল থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করেন তারা।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।
এদিকে পদ্মা পাড়ে প্রিয়জনের অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। নিজেরাও চেষ্টা করছেন লাশ খুঁজতে। অনেকেই আবার ছুটছেন নৌকা নিয়ে এপার থেকে ওপারে।
নিখোঁজর সবুজের স্বজন মেজর আলী বলেন, ভরা নদীতে মানুষ পানিতে নেমে খুঁজতেও ভয় পাচ্ছে। যদি তারা জীবিত থাকতো তাহলে এতোক্ষণ পাওয়া যেত। ধরে নিতে হবে তারা আর বেঁচে নেই।
নিখোঁজ রাজুর নানী আশরাফুন বেগম বলেন, তারা জমিতে টমেটো লাগিয়ে বাসায় ফিরছিল। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এরপরে সাঁতরে বাকিরা পাড়ে উঠেছে, চারজন উঠতে পারেনি। নদীতে সারারাত খোাঁজাখুঁজি করেছে, কিন্তু পাইনি।
