ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

  • নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ সময় ফাইটার জেট বিমানটি বিধ্বস্ত হয়
  • জেটটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম

ভারতের রাজস্থানের বারমের জেলায় বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

তবে ফাইটার জেটটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ফাইটার জেটটি আকাশে প্রশিক্ষণরত অবস্থায় ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়ে, যার কারণে শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, বারমের সেক্টরে রুটিনমাফিক নাইট ট্রেনিং মিশনের সময় জেট বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং বিধ্বস্ত হয়। যার কারণে পাইলটকে বিমানটি থেকে বের হয়ে যেতে হয়। সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে আছেন এবং কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।‘

ভারতীয় কর্মকর্তারা জানান, সোমবার রাত ১০টার দিকে আবাসিক এলাকা থেকে দূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে গেছে।

বারমেরের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মীনা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকায় দমকল বাহিনীর পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত