নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগী পীরের দরবারে হামলা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ হামলার সময় সেখানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জলসা করার প্রস্তুতি নিচ্ছিলেন তার অনুসারীরা। এ সময় দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারী মুসল্লিরা ধাওয়া করেন। পরে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে গতকাল ফজরের নামাজের পর আশপাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে দেওয়ানবাগী পীরের দরবারে হামলা চালানো হয় বলে অভিযোগ পীরের অনুসারীদের। এ সময় স্থানীয় লোকজন দরবারের ফটক ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও লুটপাট করে। পরে দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল রাতে দেওয়ানবাগী পীরের দরবারে গিয়ে দেখা যায়, সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ছাত্রসমাজের প্রতিনিধিরা অবস্থান করছেন। তবে দেওয়ানবাগী পীরের কোনো অনুসারীকে দেখা যায়নি।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে দেওয়ানবাগী পীরের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল।
