মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর একটি নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। গত শনিবার রাখাইনের জাতিগত এ সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে এ দাবি জানায়। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, এক মাসের দীর্ঘ লড়াইয়ের পর গত নাগাপলি সৈকতের অদূরে নেভি সিল ট্রেনিং সেন্টারের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি।
জান্তা বাহিনীর সেন্ট্রাল নেভাল ডাইভিং অ্যান্ড স্যালভেজ ডিপো নিয়ন্ত্রণ নিতে গত ৭ আগস্ট বড় পরিসরে এক অভিযান শুরু করে আরাকান আর্মি। রাখাইনে সামরিক জান্তার বিরুদ্ধে অভিযানের পর এই প্রথম কোনো নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা। এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, গত এক মাসের লড়াইয়ে আরাকান বাহিনীর চার শতাধিক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
