ভুলে অজু ছাড়া নামাজ পড়ালে
উসামা হাসান, হবিগঞ্জ
প্রশ্ন : একবার বিশেষ প্রয়োজনে আমাকে এক করপোরেট অফিসে যেতে হয়। সেখানে যাওয়ার পর মাগরিবের নামাজ আদায় করার জন্য অফিসের বিল্ডিংয়ে অবস্থিত মসজিদে যাই। গিয়ে দেখি ইমাম সাহেব উপস্থিত নেই। আমি অল্প কিছুদিন মাদ্রাসায় পড়েছিলাম, তাই আমার পোশাক-পরিচ্ছদ আলেমদের মতোই। সেখানে উপস্থিত মুসল্লিরা আমাকে নামাজ পড়ানোর জন্য বলেন। যেহেতু ইমাম সাহেব উপস্থিত নেই, তাই আমিই নামাজ পড়াই। সেই অফিস থেকে বের হয়ে চলে আসার পর আমার মনে পড়ে যায় যে, মাগরিবের নামাজের সময় আমার অজু ছিল না। কেননা আসরের নামাজের পর আমি প্রস্রাব করেছিলাম, যে বিষয়টি আমি একেবারে ভুলে যাই। এখন আমার জানার বিষয় হলো, এ অবস্থায় আমার জন্য করণীয় কী?
উত্তর : নামাজে ইমামের অজু না থাকলে ইমাম-মুক্তাদি কারও নামাজই সহিহ হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজে আপনার ওজু না থাকার বিষয়টি নিশ্চিত হলে আপনি ও মুক্তাদি কারও নামাজই সহিহ হয়নি। তাই মাগরিবের ওই নামাজ আবার পড়ে নিতে হবে। আর ওই অফিসে গিয়ে মুসল্লিদের মাঝে এই ঘোষণা দিতে হবে যে, ওই দিনের মাগরিবের নামাজ সহিহ হয়নি, তা আবার পড়ে নিতে হবে। (আলবাহরুর রায়েক ১/৩৬৬)
