রাশিয়ার আর্থিক সহায়তায় পরিচালিত রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) দুর্নীতি বিষয়ে কিছু বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করার খবরের নিন্দা জানিয়েছে রোসাটম স্টেট করপোরেশন। গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে তারা প্রকল্পে দুর্নীতির বিষয়ের ব্যাখ্যা দেয় নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। ঢাকার রুশ দূতাবাসের পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে আরএনপিপির দুর্নীতি বিষয়ে প্রচারিত সংবাদ ও তথ্যগুলোকে ‘বিভ্রান্তিকর’ ও ‘মিথ্যা’ উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, ‘এ বিষয়ে আরও অযৌক্তিক জল্পনা-কল্পনার অবসান ঘটাতে, রাশিয়ান রপ্তানি ক্রেডিট ব্যবহারের পদ্ধতি এবং রূপপুর এনপিপি নির্মাণে এরই মধ্যে ব্যয় করা অর্থের পরিমাণ স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি।’
