নড়াইলে বিএনপির দুপক্ষের বিরোধে হামলায় নিহত ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের বিরোধের জের ধরে হামলায় নিহত হয়েছেন দুজন। তারা সহোদর ভাই। আহত হয়েছেন তাদের আরেক ভাই। গতকাল বুধবার সকালে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৫) ও জিয়াউর শেখ (৪০)। আহত হয়েছেন তাদের ভাই ইরান শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমানের সঙ্গে একই গ্রামের বাসিন্দা লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ খানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।     

সম্প্রতি একটি জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়। সর্বশেষ মঙ্গলবার বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতি বিষয়টি মীমাংসা হয়।

বুধবার সকালে মাহমুদ খানের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষ ফেরদৌস পক্ষের সমর্থক আপন তিন ভাই মিরান শেখ, জিয়াউর শেখ ও ইরান শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তিনভাই গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরান শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর হামলাকারীদের বাড়িঘরে হামলা চালায় নিহত দুই ভাইয়ের স্বজনরা। পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডে জড়িতদের আটকে জোর চেষ্টা চলছে। ইতিমধ্যে নড়াইলের পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত