উত্তম ব্যবহার একটি মহৎ গুণ, যা ইসলামি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ইসলামে উত্তম ব্যবহারকে ইবাদতের অংশ হিসেবে গণ্য করা হয়েছে এবং কোরআন ও হাদিসে এর গুরুত্ব সম্পর্কে অনেক বার্তা রয়েছে। ভালো ও সুন্দর ব্যবহার জান্নাতের পথকে সুগম করে। দুনিয়াতে উত্তম ব্যবহার মানুষকে মহান করে তোলে। এটি সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ (সুরা কালাম ৪) এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ মহানবী মুহাম্মদ (সা.)-এর চরিত্রের উচ্চতা এবং উত্তম ব্যবহার সম্পর্কে বলেছেন।
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যার ব্যবহার সবচেয়ে ভালো। (সহিহ বুখারি) অপর হাদিসে রাসুল (সা.) বলেছেন, তুমি ইমানদার নও, যদি তোমার প্রতিবেশী তোমার অনিষ্ট (খারাপ আচরণ) থেকে নিরাপদ না থাকে। (সহিহ মুসলিম) একজন মুসলমানের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, যা তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে, সমাজে তার মর্যাদা বৃদ্ধি করবে এবং পরকালের পাথেয় বৃদ্ধি করবে।
প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহারের বিষয়ে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। (সহিহ বুখারি) প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়।
ইসলামে অন্য ধর্মের মানুষের প্রতিও ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা মুমতাহিনা ৮)
ইসলামে অন্যায়ের প্রতিক্রিয়া হিসেবে ভালো ব্যবহারের উদাহরণ রয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আর ভালো ও মন্দ এক হতে পারে না। মন্দকে সেভাবে প্রতিহত করো তা দিয়ে, যা সর্বোত্তম। তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা আছে, সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে।’ (সুরা হামিম সাজদাহ ৩৪) এটি একটি অত্যন্ত মহৎ গুণ, যা অন্যায়ের পরও ধৈর্য ও উত্তম চরিত্র প্রদর্শন করার শিক্ষা দেয়। ভালো ব্যবহার ইসলামি জীবনধারার একটি অপরিহার্য অংশ, যা একজন মুসলিমের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হওয়া উচিত। উত্তম চরিত্রের অধিকারী হওয়া শুধুমাত্র ইবাদত নয়, বরং এটি সমাজে শান্তি ও সুশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো ব্যবহার করার তওফিক দান করুন।
